আন্তর্জাতিক ডেস্ক | NRB News Europe
গ্রিসের নাফপ্লিও শহরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরকে অনিয়মিত অভিবাসীদের উদ্দেশে এমন মন্তব্য করতে দেখা যায়, যা গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে এবং পরবর্তীতে বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গন পর্যন্ত গড়ায়।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস (Θάνος Πλεύρης) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, বৈধ আবাসন অনুমতি থাকা এক বাংলাদেশি নাগরিক ভিডিওর মাধ্যমে অভিবাসীদের নাফপ্লিওতে আসার আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন যে সেখানে তাদের কেউ তদারকি করে না।
মন্ত্রী প্লেভরিস বলেন, এ ধরনের ভিডিও “ভুয়া তথ্য ছড়ায়” এবং মানবপাচারকারী চক্রগুলো অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে উৎসাহিত করতে এসব কনটেন্ট ব্যবহার করে থাকে।

গ্রিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিষয়টি সামনে আসার পর হেলেনিক পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু করে। একই সঙ্গে অভিবাসন মন্ত্রণালয় তার আবাসন অনুমতি (Residence Permit) বাতিল এবং বহিষ্কার (Deportation) প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার অবৈধ অভিবাসন উৎসাহিত করা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানবপাচার চক্রের কাজে সহায়ক হতে পারে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নতুন অভিবাসন আইনের আওতায় বৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকও জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার আবাসন অনুমতি বাতিল করা হতে পারে।
ঘটনাটি গ্রীসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য পুরো বাংলাদেশি কমিউনিটির সুনাম ক্ষুণ্ন করতে পারে। তারা প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
গ্রীসে বর্তমানে হাজারো বাংলাদেশি বৈধভাবে কর্মরত ও বসবাস করছেন। দীর্ঘদিন ধরে দেশটিতে বাংলাদেশি কমিউনিটি শ্রম, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক অবস্থান তৈরি করেছে। তাই কমিউনিটির সদস্যরা মনে করছেন, এমন বিতর্কিত ঘটনা যেন পুরো প্রবাসী সমাজের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।



