Top 5 This Week

spot_img

Related Posts

সিউতা এখনও স্বাভাবিক নয়, পিপির মহাসচিব তেয়াদো

আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে—সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন বিরোধী দল পিপি (Partido Popular)-এর মহাসচিব মিগেল তেয়াদো (Miguel Tellado)। তিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারকে “উদাসীন, অযোগ্য ও দুর্বল” আখ্যা দিয়ে বলেন, সিউতার পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

রবিবার Es Radio-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেয়াদো বলেন, “মন্ত্রীদের বক্তব্য সঠিক নয়। সিউতা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এখনও হাজার হাজার অবৈধ অভিবাসী শহরে থেকে যাওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন স্থানে লুকিয়ে আছে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যারা অবৈধভাবে স্পেনে প্রবেশ করেছে তাদের অবিলম্বে মরক্কোতে ফেরত পাঠাতে হবে। তাঁর ভাষায়, “একজনও যেন থেকে না যায়।”

তেয়াদো অভিযোগ করেন, একমাত্র প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজই স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তিনি বলেন, “সানচেজ আবার লা মারেতায় (La Mareta) ফিরে গিয়ে নিজের স্পটিফাই প্লেলিস্ট নিয়ে ব্যস্ত, অথচ সিউতার মানুষ এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।” তিনি আরও সতর্ক করে বলেন, “যা ঘটেছে, তা আবারও ঘটতে পারে। কারণ সীমান্ত এখনও যথেষ্ট সুরক্ষিত নয়। সরকারের দুর্বল ও অদক্ষ প্রতিক্রিয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”

tellado pp

মিগেল তেয়াদোর দাবি, সিউতায় যা ঘটেছে তা কেবল একটি অভিবাসন সংকট নয়, বরং এটি ছিল “স্পেনের আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি আক্রমণ” এবং কার্যত একটি “দখল অভিযান”। তিনি বলেন, “জাতীয় সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নয়, তা রক্ষা করতে হয়। ইতিহাস, জনগণ এবং আইনের দৃষ্টিতে সিউতা স্পেনের অবিচ্ছেদ্য অংশ।” সরকারের অভিবাসন, পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির তীব্র সমালোচনা করে তেয়াদো বলেন, সীমান্ত রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সিউতাকে কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ৬০ থেকে ৮০ হাজার মানুষের সীমান্তে জড়ো হওয়ার খবর গোয়েন্দা সংস্থার অজানা থাকার কথা নয়। তাঁর দাবি, সিউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তথ্য থাকার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

সীমান্তে ভাসমান বয়া বসানোর সরকারি সিদ্ধান্তকেও তিনি কটাক্ষ করে বলেন, “এটি সিউতার মানুষের সঙ্গে উপহাস করার শামিল।” তবে তিনি পুলিশ, সিভিল গার্ড, স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং জরুরি সেবাকর্মীদের প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীকে আরও ক্ষমতা দেওয়া এবং কার্যকর জরুরি পরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

তেয়াদো আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের মধ্যে ২২ দেশের সরকারপ্রধান সিউতা ও মেলিয়াকে ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন, যা তিনি ইউরোপের ইতিবাচক অবস্থান বলে অভিহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles