সিদ্দিকুর রহমান, মাদ্রিদ, স্পেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন।
বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় কায়ে কারাভাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দুলাল সাফার পরিচালনায় সভায় কমিশনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়া যায়। নির্বাচন কমিশনের কার্যকাল আগামী ৯০ দিন পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, সদস্য নবায়ন, নির্বাচনী পরিবেশ নিশ্চিত এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সহপ্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এবারের নির্বাচনকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করতে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নির্বাচনের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক আয়োজন করা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় এবং আগামী ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট ও রেসিডেন্স কার্ড—যেকোনো একটি থাকলে যেকোনো বাংলাদেশি ভোটার হওয়ার সুযোগ পাবেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনটির নির্বাচন ঘিরে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন আঞ্চলিক কমিটি ও সামাজিক সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পেনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারভিত্তিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে সংগঠনটির নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কমিশনের কোষাধ্যক্ষ রমিজ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মতবিনিময় সভায় মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা নির্বাচন-সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরলে কমিশনের নেতৃবৃন্দ তার উত্তর দেন।
প্রবাসী নেতাদের মতে, বিদেশের মাটিতে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ধরে রাখতে শক্তিশালী ও গণতান্ত্রিক সংগঠন প্রয়োজন। আর সেই লক্ষ্যেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।



