Top 5 This Week

spot_img

Related Posts

স্বপ্ন নিয়ে স্পেনে, কফিনে ফিরলেন আলিফ

নিজস্ব প্রতিবেদক

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের মরদেহ দেশে পৌঁছানোর পর গাজীপুরের কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্পেনের বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদ্রিদ থেকে দেশে পাঠানো হয় তার মরদেহ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলিফের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সকাল ৬টা ৫৭ মিনিটে মরদেহবাহী বিমান ঢাকায় অবতরণ করে। পরে স্বজনরা মরদেহ নিয়ে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

সকাল সাড়ে ১০টার দিকে আলিফের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। দীর্ঘদিন পর প্রিয় মানুষটির মরদেহ বাড়িতে ফিরলেও সেই ফেরা ছিল নিথর কফিনে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

বাদ জুমা উত্তরগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ইউসুফ হাসান আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।জানাজা শেষে উত্তরগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে আলিফকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে মাদ্রিদে শুরু হওয়া তার শেষ যাত্রার সমাপ্তি ঘটে নিজের জন্মভূমির মাটিতে।আলিফের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়ায় স্পেনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহযোগিতা করেন। মাদ্রিদে তার জানাজা ও মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর ব্যবস্থা করতে কমিউনিটির সদস্যরা পাশে ছিলেন।

গত ৪ সেপ্টেম্বর মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়। আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ১০ সেপ্টেম্বর সকালে মাদ্রিদ থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আলিফের কফিনবন্দী মরদেহ ইস্তাম্বুলের উদ্দেশে পাঠানো হয়। পরে ইস্তাম্বুল থেকে সংযোগ ফ্লাইটে মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।

অগ্নিকাণ্ডে নিহত আলিফের মরদেহ

আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ও নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র দুই মাস আগে স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রবাসজীবনের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে স্পেনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরে কমিউনিটির সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, সকালে প্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফের মরদেহ বাড়িতে পৌঁছেছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দুই মাস আগে যে তরুণ স্বপ্ন নিয়ে স্পেনে পাড়ি জমিয়েছিলেন, শুক্রবার সেই স্বপ্নের যাত্রার শেষ হলো নিজের গ্রামের মাটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles