নিজস্ব প্রতিবেদক, স্পেন: শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা গড়ে তোলার প্রত্যয়ে আল আমান ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, কোরআন তিলাওয়াত এবং ইসলামী শিক্ষামূলক বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল আমান ইসলামিক একাডেমির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমিনুর রশিদ রাজু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, ইমাম হাসান বিন মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক আলামিন মিয়া, উপদেষ্টা আবুল কালাম সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আশফাকুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম সেলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবদুল কাইয়ুম মাশুক, সাধারণ সম্পাদক কাউসার হোসেন টিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওমর ফারুক, মাওলানা ফুরকান উদ্দিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা মিসবাহ উদ্দিন, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা মাসুদুর রহমান নাদি, সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, শাহজাহান করিম, শামসুল ইসলামসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

শিশু-কিশোরদের ব্যতিক্রমী পরিবেশনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের ইসলামী শিক্ষামূলক বিভিন্ন পরিবেশনা। কোরআন তিলাওয়াত ও কোরআন শিক্ষার পাশাপাশি তারা জানাজার নামাজ, জুমার দিনের খুতবা এবং সঠিক নিয়মে নামাজ আদায়ের পদ্ধতিসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে উপস্থাপন করে। শিশু-কিশোরদের সাবলীল ও আত্মবিশ্বাসী পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রবাসে ধর্মীয় শিক্ষায় গুরুত্ব অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতির পাশাপাশি কোরআন শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা করলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের জন্য আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা আরও বলেন, প্রতিযোগিতামূলক আয়োজন শিশুদের মধ্যে কোরআন শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের কার্যক্রম প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ অনুষ্ঠানের শেষ পর্বে গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিযোগীরা। অভিভাবকরাও আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রবাসে একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।



