Top 5 This Week

spot_img

Related Posts

মাদ্রিদে গ্যারেজে আগুন, নিহত প্রবাসী বাংলাদেশি যুবক

মাদ্রিদের আরগানসুয়েলায় গ্যারেজে ভয়াবহ আগুন, ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু মাদ্রিদ, ৩১ আগস্ট ২০২৬: স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা (Arganzuela) জেলায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাতে Calle Canarias এলাকায় একটি ভবনের নিচে থাকা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে স্টোররুম (trasteros) ছাড়াও বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল।

Emergencias Madrid জানিয়েছে, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পায় জরুরি সমন্বয় কেন্দ্র। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, আগুন ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

গ্যারেজের ভেতরের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। প্রচণ্ড তাপ ও আগুনের পাশাপাশি গ্যারেজ ও স্টোররুমগুলোর গোলকধাঁধার মতো কাঠামোর কারণে দমকলকর্মীদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে দমকলকর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করতে সক্ষম হলে প্রথমে আগুনের মূল কেন্দ্র শনাক্ত করেন। এরপর তারা সেখানে প্রায় ২৫ বছর বয়সী এক যুবককে দেখতে পান।

দমকলকর্মীরা যুবককে দ্রুত গ্যারেজের বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন। তার শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে পোড়ার (quemadura inhalatoria) লক্ষণ ছিল। ঘটনাস্থলে থাকা SAMUR-Protección Civil-এর চিকিৎসাকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরও দমকলকর্মীরা বেশ কিছু সময় ঘটনাস্থলে কাজ করেন। গ্যারেজের ভেতরে জমে থাকা আগুনের ফলে তৈরি গ্যাস বের করে দেওয়া হয় এবং পুরো স্থানটি ভালোভাবে বাতাস চলাচলের উপযোগী করা হয়।

এ ছাড়া আগুন পুনরায় জ্বলে ওঠার সম্ভাবনা এড়াতে গ্যারেজের ভেতরে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছে Policía Nacional। তদন্তে Policía Municipal de Madrid সহযোগিতা করছে।

এদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ (২৫)। তিনি মাদ্রিদে উবার চালক হিসেবে কাজ করতেন বলে তারা জানিয়েছেন। তবে নিহতের নাম ও বাংলাদেশি পরিচয় সম্পর্কে স্প্যানিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সূত্র: El HuffPost / EFE / Emergencias Madrid

হোসাইন ইকবাল মাদ্রিদ, স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles