আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ
স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় অভিবাসী সংকট নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, “সংহতি ও সহমর্মিতা ঐচ্ছিক হতে পারে, কিন্তু ইউরোপীয় চুক্তি এবং প্রকৃত তথ্যের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক।”
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় সানচেজ ফ্রন্টেক্সের (ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা) তথ্য তুলে ধরে জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছে ইতালিতে।
ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ওই সময়ে ইতালিতে ৪ লাখ ৭৮ হাজার ৬০০ জন, পশ্চিম বলকান রুট দিয়ে ৩ লাখ ৪০ হাজার ৬০০ জন, গ্রিসে ২ লাখ ৫৯ হাজার ৮০০ জন এবং স্পেনে ২ লাখ ৩৪ হাজার ৭৬০ জন অনিয়মিতভাবে প্রবেশ করেছে। সানচেজ বলেন, “এটি বিভক্ত হওয়ার সময় নয়; বরং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলার সময়।” এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সিউটা সংকটের প্রেক্ষাপটে প্রয়োজনে ইতালি স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিতের মতো অসাধারণ ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত।

এদিকে ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ বিষয়ক ও অভিবাসন কমিশনার ম্যাগনুস ব্রুনার স্মরণ করিয়ে দিয়েছেন যে, শেনজেন সীমান্ত বিধিতে সিউটা ও মেলিয়ার জন্য বিশেষ নিয়ম রয়েছে এবং এই দুই শহর থেকে বের হওয়া ব্যক্তিদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ এখনো কার্যকর রয়েছে।
তিনি বলেন, ইউরোপীয় কমিশন স্পেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে এবং নতুন অভিবাসন ও আশ্রয় নীতির আওতায় প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে। পাশাপাশি মানবপাচারকারী চক্র দমনে এবং মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত রাখতে ইউরোপীয় ইউনিয়ন সমন্বিত পদক্ষেপ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত কয়েক দিনে মরক্কো থেকে হাজারো অভিবাসী সাঁতরে ও সীমান্ত অতিক্রম করে সিউটায় প্রবেশ করায় স্পেনে ব্যাপক রাজনৈতিক ও মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ “স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন” বলে অভিহিত করেছেন।



