সিদ্দিকুর রহমান, নির্বাহী সম্পাদক, NRB News Europe
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে স্পেন বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক মনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ঝন্টু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে দলটির ভূমিকা এবং প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশ নেন সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, ইউনুস আলী, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ আলী, যুবদল নেতা শাহ আলম, আজিজুল ব্যাপারী, রুদ্রসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন তারা। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করে প্রবাসে বিএনপির কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপির সার্বিক সাফল্য কামনা করা হয় এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তারেক রহমানের নেতৃত্বের সাফল্য এবং দলের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সফল হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।



