আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ
সিউতায় সাম্প্রতিক অভিবাসী সংকটের সঙ্গে স্পেনের ২০২৫ সালের অবৈধ অভিবাসীদের বৈধকরণ (Regularización) কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে স্পেন সরকার। সরকারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে অনেক মানুষ ভুল ধারণা নিয়ে সিউতায় প্রবেশের চেষ্টা করেছেন।
সরকার জানিয়েছে, বৈধকরণ কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে থেকেই স্পেনে বসবাসের প্রমাণ দিতে হবে। পাশাপাশি আবেদনের সময় পর্যন্ত অন্তত টানা পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণও দেখাতে হবে। ফলে বর্তমানে সিউতায় অনিয়মিতভাবে প্রবেশ করা ব্যক্তিরা এই কর্মসূচির আওতায় কোনো সুবিধা পাবেন না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অভিবাসীদের ঢলে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে সিউতায় প্রবেশ করেন। তবে তাদের মধ্যে ৪৮ হাজারেরও বেশি মানুষ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মরক্কোতে ফিরে গেছেন। স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংকটে অন্তত ৬৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
এদিকে সিউতার তারাহাল (Tarajal) সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সমুদ্রপথে অনিয়মিত প্রবেশ ঠেকাতে স্প্যানিশ সিভিল গার্ড ৫০০ মিটার দীর্ঘ ভাসমান বয়া স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সীমান্তজুড়ে টহল অব্যাহত রেখেছে।
স্পেন সরকার জোর দিয়ে বলেছে, সাম্প্রতিক অভিবাসী ঢলকে বৈধকরণ কর্মসূচির সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভুল। কর্মসূচির নির্ধারিত শর্ত পূরণ না করলে কেউই এর আওতায় বৈধতার সুযোগ পাবেন না।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলার আহ্বান জানিয়ে বলেছেন, “বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কোনো স্বার্থপর, বিভাজনমূলক ও অবৈধ প্রতিক্রিয়া মেনে নিতে পারে না।” তিনি অভিবাসন সংকট মোকাবিলায় সমন্বিত ইউরোপীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।



