স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্মরণে ৫ ইউরো মূল্যমানের একটি বিশেষ রূপার স্মারক মুদ্রা প্রকাশ করছে স্পেনের রয়্যাল মিন্ট (এফএনএমটি-আরসিএম)। সীমিত সংস্করণের এই সংগ্রহযোগ্য মুদ্রায় স্থান পেয়েছে বিশ্বকাপ ট্রফি, স্পেনের জাতীয় পতাকার রং এবং রাজা ষষ্ঠ ফিলিপের প্রতিকৃতি। আগস্টের শুরু থেকেই সংগ্রাহকদের জন্য এটি বাজারে উন্মুক্ত করা হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্পেনের রাষ্ট্রায়ত্ত মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফএনএমটি-আরসিএম (FNMT-RCM) জানিয়েছে, ‘World Champions’ শিরোনামের এই স্মারক মুদ্রাটি ৯২৫ বিশুদ্ধতার রূপা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এর ওজন ১৩.৫০ গ্রাম এবং ব্যাস ৩৩ মিলিমিটার। ভ্যাট (VAT) ব্যতীত মুদ্রাটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০.৩৩ ইউরো। সর্বোচ্চ ৫০ হাজারটি মুদ্রা তৈরি করা হবে।

মুদ্রার সামনের অংশে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের প্রতিকৃতি খোদাই করা হয়েছে। এর চারপাশে ‘Felipe VI Rey de España’ লেখা রয়েছে এবং নিচে উল্লেখ করা হয়েছে ২০২৬ সাল।
অন্যদিকে মুদ্রার পেছনের অংশে স্থান পেয়েছে বিশ্বকাপজয়ের স্মারক নকশা। মাঝখানে রঙিন ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, ওপরে ‘FIFA World Cup 26’ লোগো এবং নিচে ‘Campeones del Mundo’ (বিশ্বচ্যাম্পিয়ন) লেখা রয়েছে। পাশাপাশি স্পেনের জাতীয় পতাকার রঙ, একটি স্বর্ণালি তারকা এবং ৫ ইউরো মূল্যমানও উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে বিশ্বকাপে স্পেন জাতীয় দলের অংশগ্রহণ উপলক্ষে ১০ ইউরোর রূপার মুদ্রা এবং ১০০ ও ৪০০ ইউরোর সোনার স্মারক মুদ্রা প্রকাশ করেছিল স্পেনের রয়্যাল মিন্ট। এছাড়া ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পরও ২০ ইউরোর একটি বিশেষ স্মারক মুদ্রা বাজারে আনা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে স্পেন দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। টুর্নামেন্টে রদ্রি সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন, উনাই সিমন পান সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভস’, আর পাউ কুবারসি নির্বাচিত হন সেরা তরুণ খেলোয়াড়। সেই ঐতিহাসিক সাফল্যের স্মৃতি সংরক্ষণ করতেই সীমিত সংস্করণের এই বিশেষ রূপার স্মারক মুদ্রা প্রকাশ করা হচ্ছে।



