হোসাইন ইকবাল। হেড অফ নিউজ, NRB News Europe
মাদ্রিদ, ৩১ আগস্ট ২০২৬: স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা (Arganzuela) এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি ভবনের নিচে থাকা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম (trasteros) এবং বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গ্যারেজের ভেতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পায় জরুরি সমন্বয় কেন্দ্র। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, আগুন ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গ্যারেজের ভেতরে প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার পাশাপাশি স্টোররুম ও গ্যারেজের জটিল, গোলকধাঁধার মতো কাঠামোর কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন এবং আগুনের মূল কেন্দ্র শনাক্ত করেন।

এরপর গ্যারেজের ভেতর থেকে ২৫ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়। দমকলকর্মীরা তাকে বাইরে নিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা SAMUR-Protección Civil-এর চিকিৎসাকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে পোড়ার (quemadura inhalatoria) লক্ষণ পাওয়া যায়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তাঁর বয়স ২৫ বছর। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। তাঁর বাড়ি উত্তরগাঁও, কালীগঞ্জ এলাকায়। তিনি ২০০০ সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, আলিফ গত বছর স্পেনে আসেন। সম্প্রতি তিনি স্পেনে নিয়মিতকরণের নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন।মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিও আসে।
স্পেনে নতুনভাবে কাজ শুরু করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন তরুণ আলিফ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তাঁর প্রাণ চলে গেল। মাদ্রিদে ফুড ডেলিভারিতে কাজ করা বাংলাদেশিদের একটি whatsapp গ্রুপে আলিফের শেষ সময়ের একটি মর্মস্পর্শী বার্তা ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন।
“আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে ভাই।”
এই বার্তাটি ছড়িয়ে পড়ার পর মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিফের ছবি ও তাঁর শেষ বার্তা শেয়ার করে শোক প্রকাশ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনার পরও দমকলকর্মীরা বেশ কিছু সময় ঘটনাস্থলে কাজ করেন। গ্যারেজের ভেতরে জমে থাকা আগুনের ফলে তৈরি গ্যাস বের করে দেওয়া হয় এবং পুরো স্থানটি ভালোভাবে বাতাস চলাচলের উপযোগী করা হয়।
এ ছাড়া আগুন পুনরায় জ্বলে ওঠার ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়।এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছে Policía Nacional। তদন্তে Policía Municipal de Madrid সহযোগিতা করছে।

তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দেওয়া তথ্য অনুযায়ী নিহত যুবকের পরিচয় ইউসুফ হাসান আলিফ হলেও, স্প্যানিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিচয়-সংক্রান্ত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁর পরিচয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য স্থানীয় সূত্রের তথ্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
মাত্র ২৫ বছর বয়সে আলিফের এমন মৃত্যু তাঁর পরিবার ও স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। গত বছর জীবিকার সন্ধানে স্পেনে আসা এই তরুণ নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কাজের অনুমতি পাওয়ার মাত্র তিন দিনের মাথায় ভয়াবহ আগুনে তাঁর মৃত্যু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের সৃষ্টি করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



