মাদ্রিদ: স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে মাদ্রিদের ঐতিহাসিক পুয়ের্তা দেল সল চত্বরে টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শত শত মানুষ। সোমবার সকালেও সেখানে ৩০০টির বেশি তাঁবু দেখা গেছে। আন্দোলনকারীদের দাবি, সরকার আবাসন নিয়ে যে নতুন রয়্যাল ডিক্রি অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে, তার বিস্তারিত বিষয়বস্তু না দেখে তারা অবস্থান কর্মসূচি শেষ করবেন না।
গত শনিবার থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির অন্যতম প্রধান দাবি হলো ভাড়াটিয়াদের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা। আন্দোলনটির নেতৃত্ব দিচ্ছে Sindicato de Inquilinas e Inquilinos de Madrid। সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভায় যে আবাসন ডিক্রি অনুমোদনের সম্ভাবনা রয়েছে, সেটি তাদের প্রত্যাশা পূরণ করছে কি না, তা বিস্তারিত পর্যালোচনা করা হবে।
সংগঠনের মুখপাত্র গনসালো আলভারেজ RTVE-কে বলেন, “অর্ধেক-অধুরো” কোনো ডিক্রি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ডিক্রির প্রতিটি শর্ত বা ‘ছোট অক্ষরের’ বিষয়গুলো পড়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে পুয়ের্তা দেল সলে থাকা ৩৫০টির বেশি তাঁবু নিয়ে। এই আন্দোলনের অন্যতম প্রধান কারণ ৮৭ বছর বয়সী মারিকারমেনের উচ্ছেদ। মাদ্রিদের রেতিরো এলাকার নিজ বাসা থেকে গত সপ্তাহে তাকে উচ্ছেদ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মারিকারমেনের ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া সংগঠনসহ বিভিন্ন আবাসন অধিকারকর্মী নতুন করে আবাসন সুরক্ষার দাবি জোরালো করেছেন। তাদের প্রস্তাবিত ব্যবস্থাগুলোকে ঘিরেই ‘ডিক্রি মারিকারমেন’ নামটি আলোচনায় এসেছে। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হলো অনির্দিষ্ট মেয়াদের ভাড়া চুক্তি। তাদের বক্তব্য, দীর্ঘমেয়াদি চুক্তি থাকলে ভাড়াটিয়াদের প্রতি পাঁচ বা সাত বছর পর বাড়ি ছেড়ে দেওয়ার আশঙ্কা কমবে এবং আবাসন নিয়ে অনিশ্চয়তা হ্রাস পাবে।
এছাড়া তারা বিকল্প আবাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ বন্ধ করা, ভাড়ার বাজারে নিয়ন্ত্রণ এবং ভাড়াটিয়াদের আরও সুরক্ষা দেওয়ার মতো পদক্ষেপের দাবি জানাচ্ছেন। পুয়ের্তা দেল সলের অবস্থানে থাকা সবাই যে সারাদিন সেখানে থাকছেন, তা নয়। অনেকেই রাতে তাঁবুতে থাকার পর সকালে কাজে যাচ্ছেন এবং পরে আবার অবস্থানে ফিরে আসছেন। কয়েকজন আন্দোলনকারী জানান, তাঁবু যাতে একেবারে খালি না থাকে, সেজন্য তারা বন্ধুদের সঙ্গে পালা করে পাহারা দিচ্ছেন। কেউ কেউ আবার পুয়ের্তা দেল সল থেকেই টেলিওয়ার্ক করছেন।
একজন আন্দোলনকারী বলেন, অবস্থানে থাকা অনেক মানুষই চাকরি করেন এবং নিজেদের উপার্জন থেকেই বাড়ির ভাড়া পরিশোধ করেন। তাই আন্দোলনে অংশ নেওয়া মানে কাজ ছেড়ে দেওয়া নয়; বরং কাজের পাশাপাশি অবসর সময়ে তারা আবাসন পরিস্থিতির পরিবর্তনের দাবিতে অংশ নিচ্ছেন। সোমবার সকালে মাদ্রিদে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অনেক আন্দোলনকারী অবস্থান চালিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। কেউ কেউ সকালে কাজের উদ্দেশ্যে তাঁবু গুছিয়ে নিলেও বিকেলে আবার পুয়ের্তা দেল সলে ফিরে আসার কথা জানান।
আন্দোলনকারীদের বক্তব্য, এই অবস্থানের কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। সরকারের পদক্ষেপ এবং আবাসন ডিক্রির বিষয়বস্তু দেখে প্রতিদিন পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

শুধু মাদ্রিদ নয়, স্পেনের অন্যান্য শহর থেকেও মানুষ এই আন্দোলনে অংশ নিতে আসছেন। গ্রানাদা থেকে আসা ক্রিস ও এলিসা মাদ্রিদে একটি কনসার্টে যোগ দিতে এসে পুয়ের্তা দেল সলের অবস্থান কর্মসূচিতেও অংশ নেন। পরে কাজের কারণে তাদের গ্রানাদায় ফিরে যেতে হয়। তারা জানান, নিজেদের শহর গ্রানাদায় একই ধরনের অবস্থান কর্মসূচি শুরু হলে তারাও যোগ দিতে চান। আন্দোলনে অংশ নেওয়া মানুষের মধ্যে একই ধরনের দাবি ও লক্ষ্যকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছে, সেটিকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
এখন আন্দোলনকারীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও মূল নজর মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকের দিকে। আবাসনবিষয়ক রয়্যাল ডিক্রিতে উচ্ছেদ, ভাড়া চুক্তি এবং আবাসনপ্রাপ্তির মতো বিষয়গুলো কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে সরকারের বিভিন্ন অংশীদারের মধ্যে আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে আবাসন সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও, তাদের রাজনৈতিক অংশীদারদের মধ্যে সব বিষয়ে এখনও পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি। অন্যদিকে, মাদ্রিদের পুয়ের্তা দেল সলে অবস্থান কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় সরকার ও মাদ্রিদ প্রশাসনের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। মাদ্রিদের সরকারি প্রতিনিধি ফ্রান্সিসকো মার্তিন বলেছেন, অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং নিরাপত্তা বাহিনী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে।
অন্যদিকে মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদা অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ে আইনি পদক্ষেপের সম্ভাবনার কথাও বলেছেন। তবে মাদ্রিদ অ্যাসেম্বলিতে PSOE-এর মুখপাত্র মার এসপিনার বলেছেন, মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার রয়েছে।
ভাড়াটিয়া সংগঠনের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার ডিক্রি অনুমোদন করা হলেও সেটি তাদের সব দাবি পূরণ করছে কি না, তা আগে যাচাই করা হবে। এরপরই পুয়ের্তা দেল সলের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া বা শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে বর্তমানে মাদ্রিদের কেন্দ্রস্থলে থাকা শত শত তাঁবুর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সরকারের প্রস্তাবিত আবাসন ডিক্রির চূড়ান্ত বিষয়বস্তুর ওপর।



